মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সিঙিনালা বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালা, সিঙিনালা শাপলা সংঘ অংশগ্রহন করেছে।এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী খেই খেইচিং মারমা, উথৈইমং মারমা, প্রাক্তন ছাত্রী ও মারমা স্টুডেন্ট কাউন্সিল (বিএমএসসি) আঞ্চলিক শাখার সদস্য উমেচিং মারমা, বিএমএসসি খাগড়াছড়ি জেলা শাখার নিং নিং মারমা ও নিঅংগ্য মারমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে দীর্ঘদিন ছাত্রীদের সাথে অশালীন আচরণ করে আসছে। আগেও তার বিরুদ্ধে এ ধরণের কার্যকলাপের অভিযোগ ছিলো। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা সাহস করে এতদিন কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। কারণ যে শিক্ষার্থী প্রতিবাদ করবে তার পরীক্ষায় পাশ করার একটা চিন্তা থাকে যদি শিক্ষক ফেল করিয়ে দেয়। এবার ধৈর্য হারিয়ে ফেলায় ছাত্রীটি বাধ্য হয়েই অভিযোগ দিয়েছে। এসময় অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জনের বিচার দাবি করেন বক্তারা।
এদিকে সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা জানিয়েছেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবার সিঙিনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরি রঞ্জন দে এক ছাত্রীকে অ্যাসাইনমেন্ট সংশোধনের কথা বলে ডেকে নিয়ে একটি কক্ষের ভেতরে যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এসএসসি পরীক্ষার্থী।
