রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটের গোপন কক্ষে সিল মারা ব্যালটসহ ছবির দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সকাল ১০.৫৩ মিনিটে ফেসবুকে পোস্ট করা ছবিটিতে মোঃ সাইদুল ইসলাম নামের একজন ভোটার তিনটি ছবি পোস্ট করেন। এর একটি সিল মারা ব্যালটের,অন্যটি সিল মারা ব্যালটসহ বুথের ভেতর তার নিজের এবং অন্যটি একজন চেয়ারম্যান প্রার্থীর।
এই বিষয়ে রাঙামাটির রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেছেন, ‘বুথের ভেতর কেউ কোন প্রকার ছবি তুলতে পারবে না, এটা অপরাধ। ’
রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেছেন, এটি কেউ করতে পারেন না,এটা অন্যায়। গোপন বুথে ছবি তোলাটাই অপরাধ। এই বিষয়ে আইনে সুস্পষ্ট নির্দেশনা আছে। কেউ অভিযোগ করলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’
