গত শনিবার থেকে পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণ হচ্ছে। এতে করে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে সতর্ক রয়েছে স্থানীয় প্রশাসন।
জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য মতে, গত কয়েকদিনের মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, গত শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়। রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ১৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত এই ২৪ ঘন্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাত্র এই ১২ ঘন্টায় ১৭৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। যা গত ছয়দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত।
বৃহস্পতিবার রাতে রাঙামাটি জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র পর্যাবেক্ষক ক্য চিনু মারমা জানিয়েছেন, ‘বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা ১২ ঘন্টায় রাঙামাটিতে ১৭৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ জেলায় শনিবার থেকেই বৃষ্টিপাত হচ্ছে। তবে বৃহস্পতিবার সবচে বেশি বৃষ্টিপাত হয়েছে।’
