বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের নতুন চাক পাড়ায় পাহাড়ি ছড়া থেকে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার করা নারীর নাম মাচিং চাক (২৮)। সে নতুন চাক পাড়া গ্রামের ক্রাথোয়াই চাকের স্ত্রী।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। তাৎক্ষনিক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী নিহতের পরিবারকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘নিখোঁজ নারী জীবিকার জন্য বুধবার পাহাড়ে কলারথুর এবং বাঁশ কড়ল সংগ্রহ করতে যায়। পাহাড়ে যাবার পর নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশসহ স্থানীয়রা খোঁজাখুজির পর বৃহস্পতিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয় ছড়া থেকে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’