রাজনৈতিক মতভেদ,বিরোধ,ভিন্নতা ভুলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিরল রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ তৈরি করলেন রাঙামাটি শহরের স্বর্ণটিলা এলাকার বাসিন্দারা।
সেখানে বসবাসকারি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মিলিত উদ্যোগে সোমবার ওই এলাকার নিন্ম আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এলাকার ও আশপাশের এলাকার ২০০ পরিবারকে ৭ কেজি করে চাল, আলু ৩ কেজি, ডাল আধা কেজি,সয়াবিন তেল আধা কেজি,লবন আধা কেজি ও একটি করে মাস্ক দিয়েছেন তারা।
এইসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, জেলা আওয়ামীলীগের নেতা জাকির হোসেন সেলিম, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, শিক্ষানবীশ আইনজীবি জাহিদুল ইসলাম জাহিদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুল আলম রাশেদসহ স্বর্ণটিলা ও আশপাশের এলাকায় বসবাসকারি নেতৃবৃন্দ।
ব্যতিক্রমি এই উদ্যোগ প্রসঙ্গে রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, ‘আমরা দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে যদি না দাঁড়াই,তবে কিসের রাজনীতি, কার জন্য রাজনীতি। তাই আমরা এলাকার মানুষের পাশে দল মতের উর্ধ্বে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের মতো সব এলাকায় রাজনৈতিক কর্মীরা এমন উদ্যোগ নিবে।’
রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার বলেন,‘ এই দু:সময়ে আমরা দলমতের উর্ধ্বে উঠেই এলাকার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি। আগে তো মানুষের জীবন,তারপর রাজনীতি। তাই আমাদের এই উদ্যোগ। আমাদের মতো অন্যরাও যদি এইভাবে এগিয়ে আসে আমার বিশ্বাস একটি পরিবারও একবেলাও না খেয়ে থাকতে হবেনা।’
