রাঙামাটির বাঘাইছড়িতে নিবার্চনকাজে নিয়োজিত ৭ জনকে হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেছে।
বুধবার রাতে মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শন মোঃ আক্তার আলী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় এই মামলাটি করেছেন বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুর আলম। মামলায় কারো নাম উল্লেখ করা না হলেও নিজেদের কাছে থাকা ক্লু’র ভিত্তিকে আসামীদের সনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অন্যদিকে বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ আলী রাত পৌনে নয়টায় নিশ্চিত করেছেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যার ঘটনায় তখন পর্যন্ত কোন মামলা হয়নি। নিহতের স্বজনদের শেষকৃত্য শেষ করে মামলা করতে আসার কথা থাকলেও তখন অবধি আসেনি বলে জানিয়েছেন তিনি।