‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে সরকারি বেসরকারি উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে ফিতা কেটে, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দিন। এরপর মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লে: কর্নেল এসএম আব্দুল্লাহ আল আমিন, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিউল আলম, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, রেড ক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের নিবার্হী প্রকৌশলী মো. আবু তালেব চৌধুরী, গণপূর্ত বিভাগ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আ.ন.ম আজাহারুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফ হোসেন, বান্দরবান বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী চিং হ্লা মং র্মামাসহ বান্দরবানের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এবারের মেলায় বান্দরবানের সরকারি দপ্তর, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৮৪ টি স্টল বসেছে এবং আগামী ৬ অক্টোবর সন্ধ্যায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই মেলা শেষ হবে।
