ছিলোনা পুলিশী বাঁধা কিংবা নিরাপত্তার ঘেরাটোপ। অনেকটা বাধাহীন স্বাভাবিক প্রক্রিয়াতেই বহুদিন পর পার্বত্য শহর রাঙামাটিতে নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী পালন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।
৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঁঠালতলী জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি আয়োজনেই ছিলো নেতাকর্মীদের উপচে পড়া ভীড়,প্রাণোচ্ছল উপস্থিতি। উপস্থিত ছিলেন পার্বত্য এই জেলার বিএনপির দুই প্রাণপুরুষ মনিস্বপন দেওয়ান এবং মনীষ দেওয়ানও।
জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান শামীম। পুরো আয়োজনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাবেক পার্বত্য উপমন্ত্রী ও সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এই জেলার একমাত্র সংসদীয় আসনটির প্রার্থী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় নেতা মনীষ দেওয়ানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, যারা একদলীয় বাকশাল গঠন করে মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছিল, তারাই এখন বিরোধী রাজনীতি ও ভিন্ন মতকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে। সাধারণ মানুষের মত প্রকাশ করার অধিকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধারে ও একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিএনপির চলমান আন্দোলন চলবে। আগামীতে বিএনপির যে কোন আন্দোলন আরও বেগবান কওে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করা হবে এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবর রহমান শামীম বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের নেত্রীকে কারাগারে বন্দী রেখে মুখে গণতন্ত্রের কথা বলেছেন শেখ হাসিনা। আজকের এর প্রতিষ্ঠাবার্ষিকী সভা থেকে সকলকে প্রতিজ্ঞা করতে হবে যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে ঘরে ফিরবো না।
