পাহাড় টোয়েন্টিফোর ডটকম-এর নামে ভূয়া ফেসবুক পেইজ খুলে সাম্প্রদায়িক উস্কানিমূলক অপপ্রচার ছড়ানো হচ্ছে। সম্প্রতি পাহাড় টোয়েন্টিফোর ডটকম-এর নাম ও লোগো ব্যবহার করে পাহাড়ের বিভিন্ন সাম্প্রদায়িক পোস্ট করা হচ্ছে। পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র নিজস্ব ফেসবুক পেইজের নাম ‘পাহাড় টোয়েন্টিফোর ডটকম’। তবে যে পেইজটি থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে সেই পেইজের নাম ‘পাহাড় সিএইচটি টোয়েন্টিফোর ডটকম’। তাছাড়া পাহাড় টোয়েন্টিফোর ডটকম ফেসবুক পেইজের লাইক সংখ্যা হচ্ছে ৪৩ হাজার। আর ভুয়া আইডিটির লাইক হচ্ছে মাত্র দুই হাজারের মত। পাহাড় টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব ফেসবুক পেইজে বিভিন্ন সংবাদ পোস্ট করা হয়। কোনো ধরনের পক্ষপাতমূলক সংবাদ বা সাম্প্রদায়িক ছবি বা লেখা পোস্ট করা হয় না। কিন্তু এক শ্রেণির সাম্প্রদায়িক লোক পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র নামে ভূয়া আইডি খুলে পাঠকদের বিভ্রান্ত করার জন্য নানা ধরনের সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার ও ছবি পোস্ট করছে। পাহাড় টোয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র বার্তা সম্পাদক ইয়াছিন রানা সোহেল বলেন, পার্বত্য চট্টগ্রামের সুষ্ঠু ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের কারণে পাহাড় টোয়েন্টিফোর ডটকম সকল শ্রেণি-পেশার মানুষের কাছে আস্থাভাজন নিউজ পোর্টাল হিসেবে স্থান করে নিয়েছে। পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন সময় কুচক্রিমহল নানাভাবে ষড়যন্ত্র করেছে। কিন্তু পাহাড় টিমের সতর্কতার কারণে তারা প্রতিবারই ব্যর্থ হয়েছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পাহাড় টোয়েন্টিফোর ডটকম’র নামে ভূয়া ফেসবুক আইডি খুলে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট শেয়ার করা হচ্ছে। এই আইডির সাথে পাহাড় টিমের কোনো সম্পর্ক নেই। এই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
