রাঙামাটি লংগদু উপজেলার মৎস্য অফিসের কর্মচারী মো: নাছির উদ্দিন সোহেল রাঙামাটি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলনের পরে বাড়তি টাকা পুনরায় ফেরত দিয়ে সততার পরিচয় দিয়েছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি জেলার সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা একটি চেক’র মাধ্যমে টাকা উত্তোলন করেন। ব্যাংক থেকে ফেরার পরে উত্তোলনকৃত টাকায় ১০ হাজার টাকা বেশি দেখতে পান। পরবর্তীতে বিকালে তিনি পুনরায় সোনালী ব্যাংকে গিয়ে ম্যানেজারের হাতে সে টাকা ফেরত দিয়ে আসেন।
এসময় মো: নাছির উদ্দিন সোহেল বলেন, আমি ব্যাংক থেকে ৪০ হাজার টাকার একটি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করেছিলাম। পরে দেখি সেখানে ৫০ হাজার টাকা রয়েছে। হয়তো ভুল করে তিনি ১০ হাজার টাকা বেশি দিয়ে ফেলেছিলেন। তাই আমি ব্যাংকে গিয়ে পুনরায় বাড়তি ১০ হাজার টাকা ফেরত দিয়ে আসি।
রাঙামাটি সোনালী ব্যাংকের ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মোহাম্মদ আমীর আজীম বলেন, এধরণের ভুল হওয়ার কথা নয়। তবুও মানুষের তো ভুল হতেই পারে। আমাদের ভুল হয়েছে কিন্তু তিনি যে পুনরায় এ টাকা ফেরত দিয়ে গেছে এতে করে তিনি সততার পরিচয় দিয়েছেন। বর্তমান যুগে দশ টাকা পেলে সেটাও কয় জনে বা দেয়। তাকে অসংখ্য ধন্যবাদ।
মো: নাছির উদ্দিন সোহেল সরকারি চাকরির পাশাপাশি একজন ক্রীড়াবিদও। তিনি কনফিডেন্স ক্রিকেট একাডেমির পরিচালক এবং রাঙামাটি জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
