পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই ও দায়িত্বশীল পর্যটন উন্নয়ন শীর্ষক সেমিনার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পর্যটন হলিডে কমপ্লেক্স সম্মেলন কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির আলোকে পাহাড়ের পর্যটনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। অপরিকল্পিতভাবে যেখানে-সেখানে পর্যটন গড়ে না তোলার মত দেন সেমিনারে উপস্থিত বক্তারা। এসময় স্থানীয়দের কৃষ্টি কালচার অক্ষুন্ন রেখে পার্বত্য চুক্তির আলোকে পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মেসবাহুর ইসলাম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতৃ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বাংলাদেশ পার্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামানসহ বিভিন্ন দপ্তর, সংস্থার, সুশীল সমাজের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী, পর্যটন উদ্যোক্তা, উন্নয়ন কর্মী ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পর্যটনের উন্নয়নে মনমানসিকতারও উন্নয়ন প্রয়োজন। সুন্দর পরিকল্পনার মাধ্যমে পাহাড়ের জীববৈচিত্র্য, কৃষ্টি-কালচার রক্ষার মাধ্যমে এখানকার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। প্রত্যেক সম্প্রদায়ের একেকটি গ্রামকে বেছে নিয়ে, তাদের ঐতিহ্য, কৃষ্টি কালচারের মাধ্যমে যদি পর্যটকদের সামনে উপস্থাপন করা হয়, তবে তা পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় হবে।
নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে মন্ত্রী বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পর্যটকদের উপস্থিতি নিশ্চিত করতে নিরাপত্তার দরকার তবে অতিরিক্ত করা ভালো নয়। শান্তি, উন্নয়ন সব কিছুর প্রধান হচ্ছে আইন-শৃঙ্খলা ঠিক রাখা। আশা করি আমরা এ পর্যটন সেক্টরকে আরো উন্নত করতে স্থানীয় সকল দপ্ততের সমন্বয় সহযোগিতা পাবো এবং সফল করতে পারবো।’
সেমিনারে তিন পার্বত্য জেলার পর্যটন সেক্টরে কাজ করে যাওয়া উদ্যাক্তারা মুক্ত আলোচনা করেন এবং পর্যটন ক্ষেত্রের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত শাহীনুল ইসলাম। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপান করেন সেবা ক্যাম্প বাংলাদেশ লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন ও সাতত্য আর্কিটেকচার ফর গ্রিন লিভিং এর প্রধান স্থপতি রফিক আজম।
