নানিয়ারচর প্রতিনিধি ॥
১৪ বছর ক্ষমতায় থেকে আওয়ামীলীগ দেশের জনগণ ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে, ২৩ সালের নির্বাচনে তারা আবারো ভাওতাবাজির নির্বাচন করতে চায়, রাজপথের আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে বক্তব্য দেন জেলা বিএনপির নেতারা।
দ্রব্যমূল্য ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ছাত্রদল এবং যুবদল নেতা হত্যার ঘটনার প্রতিবাদে রাঙামাটির নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসব মন্তব্য করেন দলটির নেতারা। শনিবার সকালে নানিয়ারচর উপজেলা বিএনপির আয়োজনে একটি বিক্ষোভ মিছিল নানিয়ারচর ব্রিজ হয়ে উপজেলা মডেল মসজিদ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা সদরের চৌরাস্তার মোড়ে সমাবেশে মিলিত হয়।
নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দেন কেন্দ্রীয় বিএনপি সহ-ধর্মবিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান।
এসময় রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, সহ-সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম পনির, সাবেক নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক এজাজ নবী রেজা, জেলা যুবদল সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, তাঁতীদল সভাপতি আনোয়ারুল আজিম, জাসাস সভাপতি আবুল হোসেন বালি, মহিলা দল সভাপতি নুর জাহান বেগম পারুল, নানিয়ারচর উপজেলা সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেনসহ ছাত্রদল, যুবদল, মৎসজীবি দল, শ্রমিক দলসহ বিভিন্ন ইউনিট কমিটি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিল।
