মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সারা দেশে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বিদ্যুতের চরম লোডশেডিংসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বৃদ্ধি এবং ভোলায় ছাত্রদলের নুরে আলম, স্বেচ্ছাসেবক দলের আঃ রহিম হত্যা ও সারা দেশে গুম খুনের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবদুল মালেক মিন্টু, জেলা যুবদলের সভাপতি মাহবুলুল আলম সবুজ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বদি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন খন্দকার, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক (২) মমিনুর রহমানসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার বলেন, দেশ এখন সীমাহীন বিপদে আছে, দেশে রিজার্ভ ফান্ড শূন্য। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। আমরা আর কোন নেতাকর্মীদের মৃত্যু চাই না। দেশে এখন বিদ্যুতের দৈন্যদশা আর কিছুদিন পর দেশের কর্মচারীরা তাদের বেতন ভাতা দিতে পারবে না সরকার। বিএনপির পিঠ দেয়ালে ঠেকে গেছে আমরা আর সহ্য করবো না। নিজেদের জীবন বাঁচাতে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। তিনি আরো বলেন, সরকার আবারো ভোট কারচুপি করে ক্ষমতায় থাকার জন্য ইভিএমে ভোট গ্রহণ করতে চায়।
