গত রোববার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় বিক্রম চাকমা নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (এমএন লারমা) দায়ী করেছে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)।
জেএসএসের সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি দাবি করে, ‘সংস্কারপন্থী খ্যাত একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্রসহ স্পীডবোট যোগে এসে বিক্রম চাকমা নামে জনৈক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। কোনো কোনো অনলাইন নিউজ পোর্টেলে ও জাতীয় পত্রিকার অনলাইন সংস্করণে নিহত বিক্রম চাকমাকে জনসংহতি সমিতির চাঁদা কালেক্টর এবং চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে কল্পিত সংবাদ প্রচার করা হয়।’
বিবৃতিতে আরও উল্লেখ্য করা হয়, ‘জনসংহতি সমিতি কোনো ধরনের চাঁদাবাজি বা চাঁদা ভাগাভাগির সাথে সম্পৃক্ত নয়। নিহত বিক্রম চাকমাকে জনসংহতি সমিতির চাঁদা কালেক্টর সাজিয়ে সংবাদ প্রচার করার অপচেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে জনসংহতি সমিতি মনে করে।’
