নিজস্ব প্রতিবেদক॥
‘মহীয়সী বঙ্গমাতার চেতনা-অদম্য বাংলাদেশের প্রেরণা’ এই প্রতিপাদ্যে সারাদেশে পালিত হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর জন্মবার্ষিকী। সোমবার রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, বঙ্গমাতা জাতির পিতার সংগ্রামী জীবনে অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছিলেন। তিনি পাশে থেকে সাহস যুগিয়েছেন বলেই জাতির পিতা দিন রাত স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করতে পেরেছেন। জাতির পিতার জীবন সংগ্রামে বঙ্গমাতার অবদান ছিল অবিস্মরণীয়। স্বাধীন বাংলাদেশে বঙ্গমাতার হাত ধরেই নারী উন্নয়ন কাজ শুরু হয়েছে। বঙ্গমাতার আদর্শ নিয়ে সকল নারীদের এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে অস্বচ্ছল ও উদ্যোগী মহিলাদের মাঝে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
