সাইফুল হাসান
সাপ্তাহিক ছুটি ও বড় দিনসহ টানা তিন দিনের ছুটি রয়েছে আগামী ২৩, ২৪ ও ২৫ ডিসেম্বর। এ তিন দিনের ছুটিতে শতভাগ বুকিং রাঙামাটির অন্যতম নৈসর্গিক সৌন্দর্য্যে ঘেরা পর্যটন স্পট সাজেক ভ্যালি।
দেশ-বিদেশের পর্যটকদের কাছে খুবই পছন্দনীয় পর্যটন জনপদ হচ্ছে এই সাজেক ভ্যালি। রোমাঞ্চকর সড়ক, উঁচুনিচু সবুজে ঘেরা পাহাড়সহ শীতের এ সময়টিতে কুয়াশার চাদরে ঢেকে থাকা চারপাশ দেখতে পর্যটকরা পাড়ি জমান এ জনপদে। তাই তো টানা এই ছুটিকে কাজে লাগিয়ে অনেকে অগ্রিম বুকিং করে রেখেছে সাজেকের রিসোর্ট।
মেঘকাব্য রিসোর্টের ম্যানেজার আদিব চাকমা বলেন, আমাদের সিঙ্গেল ও ডাবল মিলে ১১টি রুম রয়েছে সব কয়টি রুম আগামী তিনদিন বুকিং। আমাদেরকে এখনো বুকিং এর জন্য ফোন দিচ্ছে তবে আমরা রুম দিতে পারছি না পর্যটকদেরকে।
চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল জানান, আমাদের রিসোর্টে ৮টি রুম রয়েছে। শুক্রবার থেকে যে তিন দিনের ছুটি রয়েছে সে ছুটিতে আমাদের সব রুম বুকিং। এমাসের ৩১ তারিখ পর্যন্ত বুকিং আছে আমাদের।
সাজেক রিসোর্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আমাদের এখানে ১১২ টি রিসোর্ট রয়েছে। এগুলোতে ১৭শ থেকে ১৮শ পর্যটক থাকা সম্ভব। আমরা কোন পর্যটককে নিরাশ করি না। তাই আশা করি টানা এ ছুটিকে আমরা সামলে নিতে পারবো। পর্যটকদের স্বাগত জানাতে আমাদের সার্বিক প্রস্তুত রয়েছি।
