বিলাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়িতে সোমবার বিলাইছড়ি সেনাজোনের উদ্যোগে এবং লায়ন্সক্লাবের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু অপারেশনের লক্ষে ১২ জন অসহায় দুস্থ ব্যক্তিকে চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।
এ উপলক্ষে বিলাইছড়ি সেনাজোনের ৬ বীর অ্যাডজ্যুট্যান্ট ক্যাপ্টেন মাহির আশরাফের উপস্থিতিতে সকাল ৮টায় বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ১২ জন দুস্থ চক্ষু রোগীদের চট্টগ্রামে যাতায়াতসহ অন্যান্য খরচ বাবদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
রোগীদের বিনামূল্যে চক্ষু অপারেশনে জন্য বিলাইছড়ি জোন কর্তৃক লায়ন্স ক্লাবের সঙ্গে সকল প্রকার সমন্বয় সাধন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকার অসহায় জনগণের জন্য সেনাবাহিনী ও লায়ন্স ক্লাবের ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জোন কমান্ডার অঙ্গীকার ব্যক্ত করেন।
