কাপ্তাই প্রতিনিধি ॥
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই থানার উদ্যোগে চন্দ্রঘোনায় বিট পুলিশিং কার্যক্রমের ওপর এক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম সিবিএ কার্যালয় প্রাঙ্গণে উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
ইউপি সদস্য নিহার রঞ্জন তঞ্চঙ্গ্যা এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সদস্য ও সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সিদ্দিকি, স্থানীয় ইউপি সদস্য মো. মাইনুল ইসলাম সুমন, আবুল হাসনাত খোকন, ফুসকারা বেগম, হোসনে আরা, নয়ন আক্তারসহ স্থানীয় এলাকাবাসী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রঘোনা বিট পুলিশ কর্মকর্তা মিজান।
উক্ত বিট পুলিশিং সভায় উপস্থিত জনসাধারণ সরাসরি সাম্প্রতিক চন্দ্রঘোনায় ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা তুলে ধরে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন। পরে কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন, এক্ষেত্রে স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা একান্ত প্রয়োজন। তাদের সহযোগিতা না পেলে এধরনের অপরাধ নির্মূল কঠিন হয়ে দাঁড়াবে।
