কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজাসহ এনামুল হক ফয়জুল ইসলাম (৪০) নামে এক যুবককে আটক করেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পাচারকালীন ওই ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফারুক আহমেদ পাটওয়ারীর নেতৃত্বে এএসআই মো. ইখতিয়ার হোসেন, এএসআই আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স ওইদিন রাতে বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ওই এলাকার কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজাসহ এনামুল হক ফয়জুল ইসলামকে আটক করা হয়। সে মাদকগুলি পাচার করার উদ্দেশে সেখানে জড়ো করে বলে থানা সূত্র জানায়। আটক এনামুল হকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান।
