নিজস্ব প্রতিবেদক ॥
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ নির্মাণ প্রকল্পের আওতায় রাঙামাটিতে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাঙামাটি জেলা পুলিশের পলওয়েল পার্ক মাল্টিপারপাস হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান,কাউন্টার টেররিজম ডিএমপির সহকারী পুলিশ সুপার রোকসানা আক্তার, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ।
এসময় বক্তারা বলেন, বৈশি^ক নিরাপত্তায় উগ্রবাদ বড় ধরনের হুমকিস্বরূপ। একটি গোষ্ঠী সাধারণ মানুষকে ভুল বোঝানোর মাধ্যমে তাদের মধ্যে উগ্রবাদ জাগিয়ে তুলে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে। সকলের সম্মিলিত চেষ্টায় সন্ত্রাস-উগ্রবাদ বন্ধ করা সম্ভব। ঘরভাড়া দেয়ার আগে ভাড়াটিয়ার সঠিক পরিচয় জানার চেষ্টা করতে হবে। সম্পূর্ণ পরিচয় নিশ্চিত হয়ে তবেই ঘরভাড়া দিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়ার জন্য আমাদের সকলকে কাজ করে যেতে হবে।
