কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ নূর ওয়াহিদুল প্রকাশ পংখি (২৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলরাতে রাইখালী টেকের মোড়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় পাচার কাজে ব্যবহৃত সিএনজি চালিত অটোরিক্সাও আটক করে থানা পুলিশ।
চন্দ্রঘোনা থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাত প্রায় সাড়ে ৯ টার সময় থানার এসআই মাহবুব, এএসআই সাইফুলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রাইখালীর টেকের মোড়ে বিশেষ অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিক্সা (নং-চট্টগ্রাম-থ-১৪-০৭৩৮) আটক করে। এরপর অটোরিক্সার চালকের সিটের নিচ থেকে ছোট ছোট পলিথিনে মোড়ানো ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এব্যাপারে চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান।
