খাগড়াছড়ি প্রতিনিধি ॥
জেলার মা ও শিশুদের পুষ্টি উন্নয়ন ত্বরান্বিত করতে খাগড়াছড়ি পার্বত্য জেলার পুষ্টি কার্যক্রমের বাজেট বিশ্লেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো: বশিরুল হক ভুঞা।
লিডারশীপ টু এনসিওর এডকুয়েট নিউট্রিশন (লীন) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের পুষ্টি সম্পর্কিত সরকারি কর্মকর্তা ও চিকিৎসকরা তাদের পুষ্টির বাজেট নিয়ে আলোচনা করেন। পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় করণীয় নিয়ে মতামত তুলে ধরেন।
লীনের জেলা টেকনিক্যাল সমন্বয়কারি হেপি দেওয়ান এর পরিচালনায় এসময় পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, শতরূপা চাকমা, জেলা পরিষদের নির্বাহী টিটন খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. আকতার ইমাম ও সহকারি পরিচালক ফজলে রাব্বি বক্তব্য রাখেন।
বক্তারা সরকার প্রদত্ত নিয়মিত বাজেটের মধ্যেই সমন্বয়ের মাধ্যমে পুষ্টি কার্যক্রম গতিশীল করার আহবান জানান।
