বিলাইছড়ি প্রতিনিধি ॥
দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিসহ পরিবহন ভাড়া, ও সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুল রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়িতে জাতীয়তাবাদী দল(বিএনপি) ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেষে বিলাইছড়ি বাজার প্রাঙ্গণে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সমাবেশে ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে গণবিরোধী, কর্তৃত্ববাদ এবং ফ্যাসিস্ট সরকার বলে আখ্যায়িত করা হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মো. আব্দুস সালাম ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক মো. জসীন উদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি প্রচার সম্পাদক আবুল হোসেন বালি, কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. রবিউল ইসলাম, যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজিম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ওসমান। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ধন মনি চাকমা এবং উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহমেদ।
