খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা শহরের আনন্দনগর এলাকায় ঘরে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শেলী দেবী নাথ(৩৬)। বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাত ১১টার দিকে পুলিশ ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। নিহত শেলী দেবী নাথ বাঁশখালির বাসিন্দা আনসারে কর্মরত ধনা দেবনাথের স্ত্রী। চাকরী সূত্রে তাঁরা খাগড়াছড়িতে বসবাস করছেন।
বাড়ির মালিক পরিতোষ দত্ত বলেন, স্ত্রীসহ ধনা দেবনাথ ৫ম তলায় থাকেন। ব্যক্তিগত কাজে ধনা দেবনাথ বাঁশখালি যান। রাতে স্ত্রীকে ফোনে না পেয়ে আমাকে একটু ডেকে দিতে বলেন। আমি একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হয়। পরে উঁকি দিয়ে দেখি উনি সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থা আছেন। পরে উনাকে জানায় আর পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মো. আরিফুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতারে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
