নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। অভিযানে বিভিন্ন প্রজাতির ৪৫ কেজি মাছ জব্দ করা হয়েছে।
বিএফডিসি সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র অবৈধভাবে কাপ্তাই হ্রদের মাছ পাঁচার করছে; এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে সাতটায় বিএফডিসির বিশেষ টহল দল নৌ-পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে। টহল দলের সদস্যরা কাপ্তাই হ্রদের দারোগা পাহাড় সংলগ্ন একটি পাহাড়ি ঘোনায় অবস্থান নেয়। পরে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালিয়ে নৌকায় লুকিয়ে রাখা মাছ জব্দ করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন, রাঙামাটি বিপণনকেন্দ্রের সহকারী বিপণন কর্মকর্তা মো. শোয়েব সালেহীন জানান, গোপন তথ্যের মাধ্যমে আমরা খবর পেয়ে নৌ-পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করি। অভিযানে বাচা, আইড়, টেংরা, কালিবাউস, মিশালি প্রজাতির ৪৫ কেজি মাছ জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সুমিত চাকমা ও ইঞ্জিনচালিত নৌকা চালকা স্বপ্ন প্রসাদ চাকমার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নিলামের মাধ্যমে ১২ হাজার টাকা বিক্রয় করা হয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রতিবছরই কার্প জাতীয় মাছের বংশবিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস মাছ আহরণ বন্ধ থাকে। এসময়ে হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা থাকে। এছাড়া নিষেধাজ্ঞা হ্রদ এলাকায় নৌ-পুলিশের সহায়তায় টহল অভিযান চালায় বিএফডিসি।
