জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে এপ্রিল মাসের তুলনায় মে মাসে করোনা সংক্রমণের হার কমেছে বলে জানিয়েছেন রাঙামাটির সিভিল সার্জন।
বুধবার সকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে রাঙামাটিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত এসব তথ্য দেন।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. নীতিশ খীসা ও গণমাধ্যম কর্মীরা।
এসময় সিভিল সার্জন জানান, জেলায় করোনার পরিস্থিতি ভালো রয়েছে। এপ্রিল মাসে সংক্রমণের হার ছিল ১০.০৬ শতাংশ এবং মে মাসে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৫.২ শতাংশে। তিনি আরো বলেন, আগামী ১৫/২০ দিনের মধ্যে রাঙামাটিতে সেন্টাল অক্সিজেন প্লাটেন কাজের উদ্বোধন করা যাবে। তার পর থেকে এই সেবা পেতে পারবে হাসপাতালে আসা রোগীরা। একই সাথে ৩টি আইসিইউ বেডের এর বরাদ্দ পাওয়া গিয়েছে যা খুব দ্রুত চালুর উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
তিনি আরও জানান, ঈদের পর ৩/৪ দিন আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রশাসনের সহযোগিতায় আক্রান্তের বাড়ি লকডাউন করেছি। তাতে করে বর্তমানে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। একই সাথে জেলায় পিসিআর ল্যাব থাকায় জেলাবাসী এর সুবিধা পাচ্ছে।
সভায় সিভিল সার্জন আরও জানান, বছরে দুই বার এক দিন ব্যাপি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন করা হয়। করোনার করানে এবছর ৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত মোট ৮টি দিন এই ক্যাম্পেইন চলবে। জেলায় ৮২ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে হবে।
তিনি আরও জানান, দুর্গম এলাকার কোন শিশু যাতে বাদ না পড়ে সেই দিকেও আমরা নজর রাখছি। বিলাইছড়ি উপজেলার বড়থলি নামে ইউনিয়ন গঠিত হলেও সেখানে এখনো জনবল নিয়োগ না পাওয়ায় আলাদা লোক নিয়োগের মাধ্যমে কাজ করতে হচ্ছে।
