কাপ্তাইয়ে উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সেবাদানকারীদের মোবাইল মেডিকেল টিম পরিচালনা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় ট্রাইবেল হেলথ প্রোগামের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধান অতিথি ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী বলেন, সকলে যেন সেবা গ্রহীতাদের প্রতি ভালো ব্যবহার করেন, সেই জন্য সকলকে এবিষয়ে সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম প্রতিটি এলাকার ঘরে ঘরে সরকার স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মুহাম্মদ ইসমাইল হুসাইন, ডাঃ তাহমিদুর রহমান, ডাঃ মোঃ তায়েফ মাহমুদ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে চিকিৎসক, নার্স, স্যাকমো, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী, ওয়ার্ড বয় এবং আয়াসহ ২ ব্যাচে সর্বমোট ৭০ জন অংশ নেয়।
