কাপ্তাই প্রতিনিধি ॥
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষ ‘কিন্নরীতে’ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং উপজেলার আটটি পূজামন্ডপের প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে এইসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আক্তার হোসেন, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসতিয়াক হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর মিন্টুসহ জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মুনতাসির জাহান বলেন, সামাজিক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব যাতে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, এ বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। প্রতিটি ধর্মের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার মূল অনুষঙ্গ।
প্রসঙ্গতঃ এই বছর কাপ্তাই উপজেলায় সর্বমোট ৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হচ্ছে।
