রাঙামাটির কাপ্তাই উপজেলায় কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে ষাটোর্ধ এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যায় উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
গুলিতে নিহত থোয়াই অং প্রু মারমা (৬৫) কুকিমারা মারমা পাড়ার মৃত থোয়াইসাউ মারমার ছেলে। থোয়াই অং প্রু মারমা পেশায় একজন কৃষক ছিলেন বলে জানিয়েছেন ইউপি সদস্য অংসাপ্রু মারমা।
ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা জানান, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে আমি বিষয়টি শুনেছি। জুমে কৃষি কাজ শেষে বাড়ি ফেরার পথে কে বা কারা গুলি করে পালিয়ে যায়।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে থেকে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে; সেটি এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
