নাইক্ষ্যংছড়ি ও রামগড় প্রতিনিধি
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শুভ জন্মাষ্টমী উদযাপন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। সোমবার সকালে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সার্বজনীন শ্রী শ্রী হরিমন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস। এবারও করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঘরোয়াভাবে এ উৎসবের আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শোভাযাত্রা ও ভক্তরা একত্রিত হন।
সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি লক্ষণ কান্তি দে জানান, করোনার কারণে মন্দির প্রাঙ্গণে ঘরোয়াভাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ভক্তরা যোগ দিয়ে বিশেষ প্রার্থনা আর উপোষ করেন অনেকে। প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মতিলাল সূত্র ধর, রঞ্জন দাশ, মানস মহাজন নিলু, লিটন দে প্রমুখ। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ছাড়াও বাইশারী, ঘুমধুমসহ তিনটি বড় মন্দিরে এবার জন্মাষ্টমী অনুষ্ঠান ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হচ্ছে।
এদিকে খাগড়াছড়ির রামগড়ে সীমিত পরিসরে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এই উৎসব পালন হয়েছে। দিনটি উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী মন্দিরের পরিচালনা পর্ষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা। তবে বৈশ্বিক করোনা মহামারির কারণে গত বছরের ন্যায় এ বছরেও কোন শোভাযাত্রা হয়নি। সোমবার শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী প্রাঙ্গণে পূজার আয়োজন করা হয়েছে।
শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালিবাড়ী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি শ্যামল রুদ্র ও সাধারণ সম্পাদক প্রমোদ বিহারী নাথ সবাইকে শুভ জম্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সরকারি বিধিনিষেধ থাকায় এবছর শোভাযাত্রা বের করা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে মন্দিরেই বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করা হচ্ছে। মন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী পূজা, গীতা পাঠ এবং করোনা থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানান। এছাড়া পাশের অদ্বৈতধাম অশ্রমেও জন্মাষ্টমী উপলক্ষে কৃষ্ণ পূজার আয়োজন করা হয়।
