কাপ্তাই প্রতিনিধি ॥
বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী, ৪নং কাপ্তাই ও ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত মঙ্গলবার রাত ১২ টায় প্রচার প্রচারণায় শেষ হয়েছে। এই তিন ইউপিতে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন এবং সাধারণ সদস্য পদে ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং ভোটারদের সাথে কথা বলে জানা যায়, তাঁরা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছেন, তবে সাম্প্রতিক সময়ে চিৎমরম ইউনিয়ন এবং কাপ্তাই ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ক্ষমতাসীন দলের ২ জন নেতা নিহত হওয়ায় তাদের মনে কিছুটা ভয় এবং শঙ্কা কাজ করছে বলে জানান। ইতিমধ্যে বুধবার সকাল হতে ৩টি ইউনিয়নের ২৭ জন প্রিসাইডিং অফিসারের কাছে নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে।
উপজেলার সবচেয়ে দুর্গম এলাকা হিসাবে খ্যাত ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে থোয়াই সা প্রু চৌধুরী (রুভেল), স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক নিয়ে মংক্য মারমা এবং চশমা প্রতিক নিয়ে এনামুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১শত ৩ জন।
কাপ্তাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে বর্তমান চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ ভোটের লড়াইয়ে আছেন। এই ইউপিতে তাঁর একমাত্র প্রতিপক্ষ আনারস প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন পাটোয়ারী বাদল ইউপি সদস্য সজিবুর রহমান হত্যাকান্ডের আসামি হয়ে এলাকা ছাড়া হয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৬ শত ৪ জন।
ওয়াগ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁর একমাত্র প্রতিপক্ষ আনারস প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী স্বতন্ত্র প্রার্থী আপাই মারমা। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ২০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ভোট ভোটার ৭ হাজার ২ শত ৭৪ জন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ নাসির উদ্দীন এবং চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে আইন-শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক মাঠে আছেন। প্রতিটি কেন্দ্রে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্যের পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন এবং বিজিবির টহল দল প্রতিটি কেন্দ্রের টহল দিবেন।
কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার জানান, কাপ্তাইয়ে অতীতেও সুষ্ঠু নির্বাচন হয়েছে আশা করছি এই নির্বাচনও অবাধ সুষ্ঠু হবে। তিনি কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ নয় বলে জানান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গত ৯ নভেম্বর হতে কাপ্তাই উপজেলায় পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে আসছেন। এইছাড়া গত ৬ নভেম্বর হতে আচরণবিধির ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী দায়িত্ব পালন করে আসছেন।
