রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় চিকিৎসকসহ পাঁচ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এই নিয়ে মোট ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেলো এ জেলায়।
বুধবার সন্ধ্যায় সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, তাদের গত ৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদের মধ্যে রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক দুইজন, রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ভর্তি থাকা ১ জন, বাকী দুইজন বিলাইছড়ি উপজেলার।
ডাঃ মোস্তফা কামাল বলেন, তারা সবাই হোম আইসোলেশনে রয়েছেন এবং তাদের দ্বিতীয় দফা নমুনা সংগ্রহ করা হবে আবার।
বুধবার রাতে আসা রিপোর্টে আক্রান্ত এই পাঁচজনের মধ্যে একজন রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসক,একজন ব্যক্তিগতভাবে নিজের চেম্বারে চিকিৎসা সেবা প্রদান করেন। সদরের শনাক্ত হওয়া এই দুইজন চিকিৎসক; তাদের বয়স ৪২ ও ৩৭ বছর।
বিলাইছড়িতে আক্রান্ত দুইজনই একই পরিবারের এবং রাজস্থলীতে আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে থাকা তিনজনের একজন। বিলাইছড়ির আক্রান্তদের মধ্যে একজনের বয়স ৩১ ও আরেকজনের বয়স ১৩ বছর । রাজস্থলীর শনাক্ত ব্যক্তির বয়স ৩২ বছর।
এই প্রথমবারের মতো চট্টগ্রামের ভেটেনারি ও এনিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি( সিভাসু)তে পরীক্ষার পর রিপোর্ট আসলো রাঙামাটিতে এবং একদিনে সর্বোচ্চ সংখ্যক রোগি পাওয়া গেলো।
এর আগে গত ৬ মে ৪ জনের পজিটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবারো নমুনা প্রেরণ করা হয়। ১২ মে আরেকজেনর পজিটিভ আসে। রাঙামাটি জেলায় এ পর্যন্ত ৪৯০ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩০৪ জনের।
