পার্বত্য অঞ্চলে তৎপর আঞ্চলিক দলগুলো আওয়ামীলীগের নেতাকর্মীদের অস্ত্রের মুখে সংগঠন থেকে পদত্যাগ করতে বাধ্য করে বলে অভিযোগ করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার। সোমবার সকালে রাঙামাটির জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেছেন।
আওয়ামীলীগ অসাম্প্রদায়িক রাজনৈতিক দল দাবি করে দীপংকর বলেন, পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের যেকোনো রাজনৈতিক দল করার অধিকার রয়েছে। কিন্তু আঞ্চলিক দলগুলো পাহাড়ের সাধারণ জনগণসহ আওয়ামীলীগের নেতাকর্মীদের হুমকি দেয় দল থেকে পদত্যাগ করার জন্য। বলে পাহাড়িদের আওয়ামীলীগের রাজনীতি করা যাবে না। কিন্তু আওয়ামীলীগকে পার্বত্য অঞ্চলের জনগণ ভালোবাসে। তাই পাহাড়ের মানুষ আঞ্চলিক দলগুলোর প্রাণনাশের হুমকি উপেক্ষা করে আওয়ামীলীগকে সমর্থন দিয়ে আসছে।
পাহাড়ের অবৈধ অস্ত্রধারীদের কথা উল্লেখ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের এই নেতা বলেন, অবৈধ অস্ত্র দিয়ে যারা পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম ও অত্যাচার নির্যাতন চালাচ্ছে তাদের দিন শেষ হয়ে এসেছে। এ সম্মেলনে ত্যাগী ও আদর্শবান কর্মীদের স্থান দিয়ে সংগঠনকে শক্তিশালী করে পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য নিজ দলের নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
এদিন জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলা, জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদস্য বাবলা মিত্র, চারু বিকাশ চাকমা, সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, ১নং জুরাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিন্ধু প্রিয় চাকমা। এ সম্মেলনে চার ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জুরাছড়ি আওয়ামীলীগের এই ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন প্রবর্তক চাকমা এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন, উপজেলা আওয়ামী লীগের বিগত কমিটির দপ্তর সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এর আগে সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন দীপংকর তালুকদার।
