বিএনপির ‘অগ্নি সন্ত্রাস’ ও ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে শনিবার বিকালে রাঙামাটি পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরুপায় এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ ।
সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিনসহ অন্যান্যরা। এসময় সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতারা বলেন, ‘বিএনপির স্বভাবই নিজের দোষ অন্যের ঘাড়ে চাপানো। নয়াপল্টনে হেলমেট পরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে যে ধ্বংস যজ্ঞ চালিয়েছে তা দেশের জনগণ দেখেছে। তাদের এহেন কর্মকান্ড এ দেশের জনগণ পছন্দ করেনা। বিএনপি ২০১৪ সালেও সারাদেশে জ্বালায়-পোড়ায়সহ নানান সন্ত্রাসী কর্মকান্ড চালিয়েছে।’
বিএনপিকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘সারাদেশের যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত ছাত্রলীগ। অপশক্তিতে হঠিয়ে উন্নত রাষ্ট্র নির্মাণে আওয়ামীলীগ কাজ করছে। আর বিএনপি ক্ষমতায় গেলে মানুষকে নির্যাতন নিপীড়ণ করে। ক্ষমতায় আসার জন্য তারা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ তা আজও ভুলে যায়নি। মানুষ তা ভুলবেও না।’
