নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাঙামাটিতে সাংবাদিক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০ টায় রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন সভায় বক্তব্য রাখেন রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ। এসময় পাওয়ার পয়েন্টে ভিটামিন ‘এ’ প্লাসের কারণ ও এর অভাবে কী কী সমস্যা সৃষ্টি হয় তা উপস্থাপন করেন ডা. উচিং মারমা।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, এবার রাঙামাটিতে ৫ থেকে ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এবার রাঙামাটিতে ৬-১১ মাস বয়সী ৯,২৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭৩,২৪৫ জন শিশুকে লাল রঙের টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরো বলেন, জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলীতে যাওয়ার পথও তৈরি হয় নাই, তেমন অনেক জায়গা আছে যেখানে এইসব টিকা আমাদের সময় মত পাঠানো সম্ভব হয় না। সে সব ক্ষেত্রে টিকাগুলো দুই তিম মাস পরপর যখন ইপিআর টিকা কার্যক্রম পরিচালনার জন্য যাওয়া হয় তখন আমরা এইসব টিকা একসাথে পাঠায়, এইভাবে কাভার করা হয় পুরো জেলার শিশুদের টিকা কার্যক্রম।
