কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক কর্তৃক দায়েরকৃত মামলায় চট্টগ্রাম জেলার চাক্তাই বাজারের ‘হোসাইন টি’ নামক একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন এর উপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করা হয়।
কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ জানান, ২০২১ সালের ১৭অক্টোবর বাজার মনিটরিং করার সময় কাপ্তাই উপজেলার শিলছড়ি শুক্কুর স্টোর হতে মেয়াদ উত্তীর্ণ ‘হোসাইন টি’ এর চা পাতার প্যাকেটগুলো জব্দ করি। পরে রাঙামাটি বিশুদ্ধ খাদ্য আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ৩২ (গ) ধারায় মামলা দায়ের করি। প্রতিষ্ঠানটির অনিয়ম প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুই লাখ টাকা জরিমানা করেছে মহামান্য আদালত।
