নিজস্ব প্রতিবেদক ॥
ভয়াবহ অগ্নিকান্ডে রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজার পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে বরকল ছোট হরিণা বাজারের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আগুনে ক্ষতিগ্রস্ত ৩৩টি পরিবারে মাঝে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা। উপস্থিত ছিলেন, ৪নং ভূষনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, বরকল উপজেলা আহবায়ক কমিটির সভাপতি ডা. নজরুল, বাজার কমিটি সভাপতি মোঃ আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনির।
প্রসঙ্গত, গত রবিবার (৩০ মে) মধ্যরাতে অগ্নিকান্ডে প্রায় ৩০টি দোকান ও বাসা পুড়ে ছাই হয়ে যায়। বরকলে কোন ফায়ার সার্ভিসের স্টেশন না থাকায় প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৫ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
