সাইফুল হাসান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মৃত্যুঞ্জয়ী মুজিব আবৃত্তি ও কথামালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বদেশ আবৃত্তি সংগঠনের আয়োজনে এ আবৃত্তি ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে স্বদেশ আবৃত্তি সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুর হক বুলবুল, রাঙামাটি সাহিত্য পরিষদের সভাপতি কবি হাসান মঞ্জু।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুজিব হচ্ছে বাংলার এক অবিসংবাদিত নেতা। মুজিব ছাড়া বাংলাদেশ কল্পনা করা যায় না। এ মাসেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে ঘাতকরা। এক শেখ মুজিবকে হত্যা করলেও আজ লক্ষ্য কোটি ঘরে শেখ মুজিব রয়েছে, শেখ মুজিব রয়েছে আমাদের হৃদয়ে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে বাংলাদেশে সত্যকারের ইতিহাত জানতে হবে এবং শেখ মুজিবুর রহমানের আদর্শে জীবন গড়তে হবে। শিশুরা যদি ছোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে জীবন গড়ে তাহলে দেশ পাবে এক যোগ্য নেতৃত্ব, যোগ্য নেতা।
অনুষ্ঠানে স্বদেশ আবৃত্তি সংগঠনের শিক্ষার্থী ও শিল্পীরা আবৃত্তি ও কথামালা পরিবেশন করেন।
