নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সাঙ্গু ও মাতামুহুরী নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশের প্রকল্প প্রমোশন অফ এগ্রো ইকোলজি প্রাকটিসেস ইন দ্যা সিএইচটি (পেপ) এবং নদী পরিব্রাজক দলের ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। সাঙ্গু ও মাতামুহুরী নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দুষণ মুক্ত করার দাবির সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেয় সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। ঘন্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার সংগঠনের বান্দরবান জেলা সভাপতি ডনাই প্রু নেলী, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা এমেচিং মারমা, জেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অংচমং মারমা, নদী পরিব্রাজক দল বান্দরবান জেলার উপদেষ্টা কামাল পাশা, সংগঠনের সভাপতি বাবু মনি, সহ-সভাপতি লিটন চক্রবতী, সাধারণ সম্পাদক দিপিকা চাকমা, কারিতাস পেপ প্রকল্পের কর্মসূচি কর্মকর্তা রূপনা দাশ প্রমুখ। পরে বান্দরবান জেলা প্রশাসকের কাছে একই দাবিতে স্মারকলিপি দেয়া হয়।
মানববন্ধন কর্মসূচিতে মানবাধিকার নেত্রী ডনাই প্রু নেলী বলেন, সাঙ্গু ও মাতামুহুরী নদীকে ঘিরেই বান্দরবান জেলার সাতটি উপজেলায় মানুষের বসবাস। প্রায় সাড়ে চার লাখ পাহাড়ি-বাঙালি বসবাসকারী মানুষের পানির প্রধান উৎসস্থল। কিন্তু প্রতিবছরই অবৈধ দখল ও দুষণের কারণে নদী দুটি আজ তার নাব্যতা হারিয়েছে। অনেকস্থানে অস্তিত্বও হারাতে বসেছে নদী দুটি। মানুষের জীবন রক্ষায় নদীগুলো বাঁচানো এখন সকলের প্রানের দাবি। দ্রুত নদী দুটির নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল ও দুষণমুক্ত করার জোর দাবি জানাচ্ছি।
