পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমাকে অপসারণের দাবিতে জেলার দীঘিনালায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সংসদে সেনাবাহিনী ও বাঙালিকে নিয়ে উস্কানিমুলক বক্তব্য দেওয়ার অভিযোগে বুধবার এ কর্মসূচি পালন করেছে পার্বত্য অধিকার ফোরাম।
সকালে উপজেলার লারমা স্কোয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলা সদর হয়ে থানাবাজার প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্কোয়ারে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পার্বত্য অধিকার ফোরাম কেন্দ্রীয় সমন্বয়ক মো. সদ্দিাম হোসেনের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো. আল আমিন. সাধারণ সম্পাদক মো. পারভেজ ছাত্রনেতা জাহেদুল আলম এবং আওয়ামীলীগ মেরুং ইউনিয়ন (উত্তর) শাখার সাংগঠনিক সম্পাদক মো. কালাম। সমাবেশে বলা হয় ইউপিডিএফ নেত্রী বাসন্তী চাকমা আওয়ামীলীগে যোগদান করে সংসদে গিয়ে ইউপিডিএফের হয়েই কাজ করছে। তাকে সংসদ সদস্যপদ থেকে অপসারণ করে আওয়ামীলীগ থেকেও বহিষ্কারের দাবি জানানো হয়।
