খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির ভাইবোনছড়া ইউনিয়নের ছোটবাড়ি পাড়া এলাকাবাসীর আয়োজনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২৯ লাখ টাকায় ব্যয় নব-নির্মিত ছোটবাড়ি পাড়া সার্বজনীন শ্রী শ্রী লহ্মী নারায়ন মন্দিরের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে ছোটবাড়ি পাড়া মন্দির প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে মন্দিরের সভাপতি দেবেন্দ্র লাল ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অনুষ্ঠানে স্বপন জ্যোতি ত্রিপুরার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন এলাকার কার্বারী কিনারাম ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জীবন একদিকে খুবই মূল্যবান আবার একদিকে জীবন খুবই তুচ্ছ। তাই জীবনকে সবসময় মানুষে কল্যাণে, একে অপরের দায়িত্ববোধ থেকে পালন করা জরুরি। আমি মানুষকে ক্ষতি করবোনা, আমার দ্বারা যেন কারোর কোন ক্ষতি না হয়। বরং আমার দ্বারা কারোর উপকার হয়। এরকম মনমানসিকতা নিয়ে জীবনকে উপভোগ করা উচিত। আমরা প্রত্যেককে পরের তরে। আমরা সকলেই মানুষ, তাই একে অপরের প্রতি সহানুভূতি, সংযত এবং সহযোগিতা করা উচিত। আমরা মানবতা নিয়ে, জ্ঞান নিয়ে চর্চা করলেই তবেই জীবন স্বার্থক।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার শান্তি প্রিয় ও উন্নয়নের সরকার। আওয়ামী লীগ মানুষকে মানুষ হিসেবে জানতে চাই। আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে। বিগত ১৩ বছরে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খাগড়াছড়ি ইউনিটের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম, আওয়ামী লীগের সদর উপজেলঅর শাখার সভাপতি সনজীব ত্রিপুরা, ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিমুল কুমার মহন্ত, ভাইবোনছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মণি ত্রিপুরা প্রমুখ।
