কাপ্তাই প্রতিনিধি
বিশ্ব বন দিবস উপলক্ষে কাপ্তাই বন বিভাগের কাপ্তাই জাতীয় উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার’। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ছালেহ মো. শোয়াইব খান। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘মানুষের অত্যাচারের ফলে হাতি লোকালয়ে চলে আসছে। নিজেদের অসচেতনতার কারণে বনের স্বাস্থ্য দিন দিন লুপ্ত হচ্ছে । তাই গাছ লাগানো এবং এর পরিচর্যার বিকল্প নেই। আমাদের বৃক্ষ আচ্ছাদনের প্রয়োজন ২৫%। কিন্তু বর্তমানে আছে ১৭%। ২০৩০ সালে ২২% এবং ২০৪১ সালে ২৪% করতে হবে। তাই যারা অবৈধভাবে বনভূমি দখল করে আছেন তাদেরকে স্ব-ইচ্ছায় বনভূমি ছেড়ে অন্যত্র চলে যাবার জন্য অনুরোধ জানাই।
অনুষ্ঠানে বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, এবং বনের ওপর নির্ভরশীল উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র্যালি কাপ্তাই জাতীয় উদ্যান হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।
