নিজস্ব প্রতিবেদক ॥
ইয়াং টাইগার বিসিবি অনুর্ধ্ব-১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে শনিবার উদ্বোধনী খেলায় শ্বাসরুদ্ধকর ম্যাচে শক্তিশালী লক্ষ্মীপুর জেলা দলকে এক উইকেটে পরাজিত করে রাঙামাটি জেলা দল।
প্রথমে ব্যাট করে লক্ষ্মীপুর জেলা ২৭ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায়। রাঙামাটির স্পিন বোলার আরিয়ান ইসলাম বাঁধন ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়ে লক্ষ্মীপুরকে মূলত ধসিয়ে দেন। লক্ষ্মীপুরের রাফিউল ইসলাম সর্বোচ্চ ৪৪ রান করেন।
রাঙামাটি ১১৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৮১ রানে ২ উইকেট নিয়ে লাঞ্চে যায়। কিন্তু লাঞ্চ বিরতির পর লক্ষ্মীপুরের বোলাররা উইকেট তুলে নিলে রাঙামাটি এক পর্যায়ে ৯৬ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় কেঁপে উঠে। রাঙামাটির ব্যাটসম্যান হিমেল চৌধুরী ৫৪ রান করে দলের বিজয়ের মূল কাজটা করে দেন। রাঙামাটির ১১০ রানে ৯ উইকেট পড়ে গেলে খেলা টানটান উত্তেজনা বিরাজ করতে থাকে এরপর কাইয়ুম ১২ রান, আরিয়ান ইসলাম বাঁধন ৪ ও সাজ্জাদ ৫ করে দুইজন মিলে দলকে বিজয় এনে দেন। রাঙামাটি পরবর্তী খেলা ফেনীর সাথে ১৯ জানুয়ারি ও মৌলভীবাজার জেলার সাথে ২০ জানুয়ারি।
