খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মামলার জটিলতা কাটিয়ে অবশেষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ২নং তবলছড়ি ইউপি চেয়ারম্যান (স্বতন্ত্র) হিসেবে শপথ নিলেন মো. আবুল কাশেম ভুইঁয়া। অন্য সকল ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণের প্রায় দেড় মাস পর শপথ নিলেন তিনি।
বুধবার সকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। মামলার জটিলতা কাটিয়ে গত ১২ জানুয়ারি আবুল কাশেম ভুঁইয়াকে তবলছড়ি ইউপি চেয়ারম্যান হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর তবলছড়ি ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম ভুঁইয়া ৫হাজার ৩১ ভোট পান। অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থী নুর মোহাম্মদ পান ৫ হাজার ১০ ভোট। নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে খাগড়াছড়ি জেলা যুগ্ম জজ আদালতে মামলা দায়ের করেন নৌকা প্রার্থী।
এরপর তবলছড়ি ইউপি নির্বাচনের গেজেট স্থগিত করা হয়। ঘটনায় ২৩শে ডিসেম্বর মামলাটির স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। ১২ জানুয়ারি নির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম ভুঁইয়াকে চেয়ারম্যান ও অপর ১২ জন সদস্যের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
