পানছড়ি প্রতিনিধি ॥
যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার বেলা তিনটায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচশ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন, পিএসসি। এতে অন্যান্যদের মধ্যে ছিলেন ৩০ বীর ব্যাটালিয়ন উপ-অধিনায়ক ও খাগড়াছড়ি জোন ইনচার্জ মেজর মো. রিয়াদুল ইসলাম (পিএসসি), ক্যাপ্টেন মিজান উর রশীদ।
মধ্যনগর গ্রামের ৭৮ বছর বয়সী আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সবসময় দেশ ও জনগণের জন্য কাজ করে। আমি তাঁদের জন্য সবসময় দোয়া করি।
প্রত্যন্ত পদ্দিনী পাড়ার ৮৫ বছরের বয়োবৃদ্ধা উর্মিলা ত্রিপুরা বলেন, আর্মি কম্বল দিয়েছে। এটি ভালো কাজ। গরম কাপড় পেয়ে অনেক উপকার হলো।
আগামীতেও খাগড়াছড়ি রিজিয়ন এই মানবকল্যাণ মূলক কাজের ধারাবাহিকতাকে অব্যাহত রাখবে মত প্রকাশ করে ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার বলেন, খাগড়াছড়ি রিজিয়ন অসহায় ও দুস্থ মানুষের সহায়তায় সবসময় পাশে রয়েছে।
