অভিনব কায়দায় পাচারকালে বান্দরবানের লামা উপজেলায় দেশে তৈরি চোলাই মদ সহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার সরই-লোহাগাড়া সড়কের হাসনাভিটা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো- লোহাগাড়া উপজেলার কলা উজানের সুখছড়ি গ্রামের বাসিন্দা সুজন দাশ (৩৫), জুয়েল দাশ (৪০) ও সিএনজি চালক ইয়াকুব আলী (৫০)।
সূত্র জানায়, একটি চক্র সরই ইউনিয়নের ক্যয়াজুপাড়া এলাকার একটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পাড়া থেকে চোলাই মদ সংগ্রহের পর কোমল পানীয় ইউরো ও স্প্রাইটের বোতল ভর্তি করে পাচার করছে, এমন সংবাদের ভিত্তিতে ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশেমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা শুক্রবার দিনগত রাত ৯টার দিকে সড়কের হাসনাভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় লোহাগাড়ামুখী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ২০০ লিটার মদ ভর্তি ২০০টি বোতল সহ তিনজনকে আটক করে পুলিশ।
মদসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
