খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীছড়ি উপজেলা কমিটি গঠনের সমন্বয়ক ক্ষনি রঞ্জন ত্রিপুরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক অটল চাকমা।
সম্মেলনে কাউন্সিলরদের ভোটে মো. ফোরকান হাওলাদারকে সভাপতি, মো. রফিকুল ইসলাম সি. সহ-সভাপতি, মো. মোবারক হোসেনকে সাধারণ সম্পাদক, চাইলা প্রু মারমা যুগ্ম সম্পাদক ও সামশুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতা-কর্মীদের ভোটের মাধ্যমে লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির কমিটি গঠন কল্পে গত ২৫ জুলাই তফসিল ঘোষণা করে খাগড়াছড়ি জেলা বিএনপি। নির্বাচনী তফসিলে ২৭ জুলাই ছিল মনোনয়ন পত্র বিক্রয় ও ভোটার তালিকা প্রকাশ, ২৮ জুলাই মনোনয়ন পত্র জমা, ২৯ জুলাই মনোনয়ন পত্র প্রত্যাহার, ৩১ জুলাই মনোনয়ন পত্র বাচাই ও প্রতীক বরাদ্দ, ১ আগস্ট আপিল ও ৪ আগস্ট ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
