রামগড় প্রতিনিধি ॥
রামগড় উপজেলা মডেল মসজিদ নির্মাণের স্থানসহ এসডিও বাংলো পরিদর্শন করলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মো. আলিম উল্লাহ। বৃহস্পতিবার দুপুরে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প’ এর আওতায় রামগড় উপজেলা মডেল মসজিদ নির্মাণের স্থান, উপজেলা মসজিদ সংলগ্ন এলাকা এবং এসডিও বাংলো এলাকা পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের জানান, এসডিও বাংলো একটি ঐতিহাসিক স্থাপনা, এর রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসক থেকে উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে সংস্কার কাজের জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া মডেল মসজিদ সরকারের বিশেষ অগ্রাধিকার প্রকল্প। এর নির্মাণ কাজ সহসা শুরু করা হবে। উপজেলা পরিষদের জমিতে নির্মিত কোর্ট জামে মসজিদস্থলে এটি নির্মাণ করা হবে। তিনি এসময় ঐতিহাসিক স্থাপনার উন্নয়ন ও মডেল মসজিদ নির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন।
সম্প্রতি এসডিও বাংলো ও পার্শ্ববর্তী উপজেলা পরিষদের জমির সীমানায় ৪৩ বিজিবির সদর ক্যাম্প কাটাতারের বেড়া সংস্কার করায় সাময়িক ভুলবোঝাবুঝি প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানান, জননিরাপত্তা বিভাগ থেকে একটি নির্দেশনা জেলা প্রশাসক বরারর পাঠানো হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে বিজিবিকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে। আশা করি তা সহসা নিরসন হবে।
এ প্রসঙ্গে রামগড় ৪৩, বিজিবি অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে আমরা মেরামত করেছি নতুন ভাবে কোন কাজ করিনি। এটি আমাদের রুটিন কাজ।
এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী আলমগীর, জনপ্রতিনিধিগণ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
