শান্তিচুক্তির ২১ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির লংগদুতে নানান কর্মসূচি পালন করা হয়েছে। লংগদু সেনা জোনের আয়োজনে সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পে, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী।
সেনা জোনের বৈচিত্রে বিলাস পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জোন কমান্ডার লেঃ কর্নেল এমএম শফিকুর রহমান, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা ও উপজেলা জনসংহতি সমিতির সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা প্রমূখ।
সভায় জোন কমান্ডার শফিকুর রহমান বলেন, ‘শান্তিচুক্তি করা হয়েছে অত্র অঞ্চলের জনসাধারণের সুখে শান্তিতে থাকার জন্য। এখানে সকলকে মিলেমিশে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন ঘটাত হবে। তাহলে অত্র অঞ্চলে শান্তি ফিরে আসবে এবং উন্নয়ন বেগবান হবে। তিনি আরো বলেন, পাহাড়ে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ শান্তি প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাঁরা নিয়মিত চাঁদাবাজি, অপহরণ, হত্যা ও গুমের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করে চলেছে।’ তাদের বিরুদ্ধে সজাগ থাকার জন্য সকলকে আহবান জানান।
এসময় অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায়, ইউপি চেয়ারম্যান মোস্তফা মিয়া, প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, হেডম্যান মানিক কুমার চাকমা প্রমূখ।
