রাঙামাটির লংগদু উপজেলার প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক পবিত্র চাকমা (৪০) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে লংগদু উপজেলা সদরের ভূইয়াছড়া এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে লংগদু থানা পুলিশ।
ইউপিডিএফ রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা জানিয়েছেন, দুুুপুর ১টার দিকে পবিত্র চাকমা ও অন্য একজন ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে ভূইয়াছড়ায় (ডানে লংগদু) গেলে মহালছড়ির মুবাছড়ি থেকে ১০-১২ জন সংস্কারবাদী সশস্ত্র সদস্য তাদের উপর অতর্কিত গুলি চালায়। এতে ঘটনাস্থলে পবিত্র চাকমা নিহত হন, তবে অন্যজন অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন।’
তিনি হত্যাকান্ডের জন্য জনসংহতি সমিতি (এমএনলারমা)কে দায়ি করে খুনের ঘ্টনাকে ‘অত্যন্ত কাপুরুষোচিত ও জঘন্য’ বলে মন্তব্য করে বলেন, একটি কায়েমী স্বার্থান্বেষী মহলের ব্লু-প্রিন্ট অনুযায়ী জুম্ম জাতিকে ধ্বংস করতে সংস্কারবাদীরা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়কালের পাকিস্তানী হানাদার বাহিনীর সৃষ্ট রাজাকার, আলবদর বাহিনীর মতো আন্দোলনকারী নেতাকর্মীদের খুন করে চলেছে। তিনি অবিলম্বে খুনীদের গ্রেফতার ও জেএসএস সংস্কারবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা জানতে পেরেছি কে বা কারা যেনো পবিত্র চাকমা নামের একজনকে গুলি করে হত্যা করেছে। প্রাথমিক তথ্যে জেনেছি,নিহত পবিত্র ইউপিডিএফ এর রাজনীতির সাথে জড়িত ছিলেন।
ইপিডিএফ’র কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা জানিয়েছেন, সংস্কারপন্থী জেএসএস (জনসংহতি-এমএনলারমা) আমাদের নিরীহ এক কর্মীকে গুলি করে হত্যা করেছে। পবিত্র চাকমা ভুইয়াছড়া এলাকায় সাধারণ একজন কর্মী হিসেবে ইউপিডিএফ’র গণসংযোগ চালাতো বলে দাবি করেন তিনি।
জেএসএস (এমএন লারমা) লংগদু উপজেলা সভাপতি অলঙ্গ চাকমা বলেছেন, এ সম্পর্কে আমি কিছুই শুনতে পাইনি। চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে তাদের সংগঠনের মধ্যেই অনেক সমস্যা রয়েছে। তারাই তাদের কর্মীকে হত্যা করতে পারে। এতে আমরা জড়িত নই। তাদের আভ্যন্তরীন বিরোধের জের আমাদের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে তারা।’
